রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। গতবার মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। এ সময় ৫৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি এবং মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬), শেখ গোলাম জিলানি (৬৮), মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১)। আটকদের মধ্যে শেখ গোলাম জিলানি মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি। গতকাল বুধবার যৌথবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
যৌথবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোয়েন্দা কার্যক্রম চালানোর সময় এক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলা চালায় সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার দল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ওই গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধার করে এবং সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় হামলার সম্পৃক্ততার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে রাত ৯ টায় পুনরায় জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আরও ৪ জনকে আটক করা হয়।
এ বিষয়ে যৌথবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, ‘সন্ত্রাসী বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পে থাকার খবর পেয়ে তাকে আটক করতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমাদের একজন গোয়েন্দা কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়। পরে দুই দফায় অভিযানে মাদক ও অস্ত্রসহ ১১ জনকে আটক করা হয়। তবে বুনিয়া সোহেলকে আটক করা যায়নি।
মাদকের সঙ্গে জড়িত চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এবং হামলার সঙ্গে জড়িত ৭ জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।



