বিভিন্ন চাকরীর পরীক্ষায় প্রশ্নপত্র কমন দেয়ার নামে একটি চক্র বহুদিন ধরে বিভিন্ন পরীক্ষার্থীদের কাছে টাকা হাতিয়ে আসছি মতিউর রহমান নামে এক প্রতারক। গ্রেফতারকৃত মতিউর রহমান জামালপুরের ইসলামপুর উপজেলার নাসির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন চাকরির পাশাপাশি পিএসসির পরীক্ষার প্রশ্নপত্র কমন দেয়ার নামেও প্রতারণা করার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পক্ষ হতে গত ১ সেপ্টেম্বর শেরে বাংলা নগর থানায় একটি মামলা করা হয়। পরে তার তথ্য যাচাই করে মতিউরকে গ্রেফতার করে সিআইডি। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ও ১টি ল্যাপটপ আলামত হিসেবে জব্দ করা হয়।
গতকাল বুধবার সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম।
তিনি জানান, পিএসসি’র বিভিন্ন নন-ক্যাডার চাকরি প্রার্থীদের চাকরির পরীক্ষায় ৯০ শতাংশ কমন সাজেশন দেয়ার নাম করে সাধারণ চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত সংঘবদ্ধ চক্রটি। প্রতারক চক্রটি পিএসসির বিভিন্ন পদে (নন-ক্যাডার) নিয়োগ পরীক্ষার আগে নিশ্চিত সাজেশনের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক পেজে “এটিইও” এর জন্য সিক্রেট শিট কেউ হাতছাড়া করবেন না এই সুযোগ বলে প্রচারণা চালাতো। শেষ মূহুর্তের চূড়ান্ত সিকরেট সাজেশন শিট মাত্র ৫৫০ টি এমসিকিউ সাথে উত্তর। হুবহু কমন পাবেন ৮০-৯০ শতাংশ ক্যাশ অন ডেলিভারি ৩৯০ টাকা, অগ্রিম ৯০ টাকা, সুন্দরবন কুরিয়ারে অগ্রিম ফুল পেমেন্ট আর পিডিএফ নিতে ২০০ টাকা এবং পেমেন্টের ১ মিনিটের মধ্যেই পিডিএফ পাবেন ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ইমেইলে সেন্ড করা হবে। বিকাশ পার্সোনাল/নগদ/রকেট নাম্বার…” এরকম নানা চটকদার শিরোনামে পোস্ট করতো এরপর তাদের সাথে যোগাযোগ হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।



