রাজশাহীর তরুণ বক্সার সাব্বিরকে (২১) প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যায় অভিযুক্ত রবিউল ইসলাম জাসেন (২৫) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরআগে বুধবার রাতে র্যাব ও পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় নগরীর মিজানের মোড় ডগারহাট থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় রাতেই সাব্বিরের বাবা জাসেনসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এদিকে বৃহস্পতিবার আসামি জাসেনকে আদালতে হাজির করা হলে সে নিজের অপরাধ স্বীকার করে স্বীখারোক্তিমূলক জবানবন্দি দেয়। নগরীর শাহ্ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ‘বুধবার রাতে আসামি জাসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের অপরাধ স্বীকার করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
উল্লেখ্য, নিহত সাব্বির তরুণ বক্সার। তিনি নগরীর শাহ্ মখদুম থানার পবা মিলপাড়ার শাহিন ইসলামের ছেলে। অভিযুক্ত জাসেন একই এলাকার আমিরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেন। ওই জমি কেনায় সাব্বির ও তার বাবা শাহিনের হামলা চালায় মাদকাসক্ত জাসেন। মঙ্গলবার শাহিনকে মারধর করে জাসেন। পরদিন বুধবার দুপুরে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরে পালিয়ে যায়।
সন্ধ্যায় জাসেনকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় জাসনের বাড়ির জিনিসপত্র বের করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ওসি জানান, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


