দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ধর্ম পালনের ক্ষেত্রে এমনভাবে সচেতন থাকতে হবে যাতে অন্যের শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত না হয়।
তিনি বলেন, প্রত্যেক ধর্মাবলম্বীর নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মূল্যবোধের চর্চার মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে পারলেই গড়ে উঠবে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের গৌরীশঙ্কর বিদ্যাবিথী মাঠে নির্মাণাধীন মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, গৌরীশঙ্কর গোশালা সোসাইটি সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাচীন, ঐতিহ্যবাহী ও সর্বজনীন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সংগঠনে ঐক্য থাকলে তার শক্তি ও উন্নয়ন দুটোই বৃদ্ধি পায়। তিনি সোসাইটির কার্যক্রমকে আরো গতিশীল ও সুপরিকল্পিত করতে একটি মাস্টারপ্ল্যান তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যারা সংগঠনের কার্যক্রমে অধিক সময় ও শ্রম দিতে সক্ষম, তাদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের পরামর্শ দেন। এ সময় তিনি সোসাইটির সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
গৌরীশঙ্কর গোশালা সোসাইটির সভাপতি হীরালাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার, মো. আসাদুজ্জামান, লালমনিরহাট পৌরসভার প্রশাসক মো. রাজীব আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সদর উপজেলার বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় শিবু প্রমুখ। অনুষ্ঠানে গৌরীশঙ্কর সোসাইটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



