তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আন্দোলন কর্মসূচী ঘোষণা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি।

রবিবার (১৪ জুন) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে সংগঠনের আহ্বায়ক ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল সংবাদ সম্মেলন করে জানান, জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে ঘোষণা দিয়ে অর্থ বরাদ্দ ও আগামী একনেক সভায় সেই অর্থ অনুমোদনের মাধ্যমে সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

এ দাবী বাস্তবায়নে আগামী ২০ জুন রংপুর নগরীর লালবাগ থেকে ডিসির মোড়, তিস্তা ব্রীজ থেকে কাউনিয়া বাজার এবং তিস্তা মহিপুর থেকে বুড়িরহাট পর্যন্ত দীর্ঘ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হবে। এ আন্দোলন কর্মসূচীর মাধ্যমে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায় না হওয়ায় উত্তরের জীববৈচিত্র ও প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়েছে। তিস্তা নদীর অববাহিকার ৫ জেলায় প্রত্যক্ষভাবে ৯৫ লাখ মানুষ এবং পরোক্ষভাবে ২ কোটিরও অধিক মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদী খনন, ভাঙ্গরোধ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার শিকার তিস্তাপাড়ের মানুষ এই প্রকল্পকে তাদের উন্নয়ন ও বাঁচার স্বপ্ন হিসেবে দেখছে। এ সময় তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ, তিস্তা মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে ঘোষণা, প্রকল্পের দ্রুত অনুমোদন, টেকসই নদী ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ এবং উত্তরের কৃষি, পরিবেশ, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে অর্থায়ন ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি সদস্য সচিব ও রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, উপদেষ্টা ও মহানগর জামায়াতের আমির আজম খান, সংগঠরের উপদেষ্টা মহানগর জামায়াতের সেক্রেটারী কেএম আনোয়ারুল হক কাজল, সংগঠনের উপদেষ্টা ও প্রচার সম্পাদক অ্যাড. কাওসার আলী, সংগঠনের উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারী এনামুল হক, সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল গণিসহ অন্যরা। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments