রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত
করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেকরহমান অনেক আশা ও ভরসা নিয়ে আমাকে এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন। আমি যথাযথ নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবো।
তিনি আরও বলেন, ‘উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। পূর্বসূরিদের দেখানো পথেই কাজ এগিয়ে নিবো। সিনিয়র নেতৃবৃন্দ রাজশাহীর জন্য যে মাস্টার প্ল্যান তৈরি করেছেন, সেই পরিকল্পনা অনুযায়ীই উন্নয়ন কাজ চলমান থাকবে। নিজের কাজের পরিধি পর্যালোচনা করে, সবার সাথে আলোচনার ভিত্তিতে রাজশাহীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করব।’
রাজশাহী শহরকে নাগরিকদের জন্য পুরোপুরি বাসযোগ্য করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘রাজশাহীকে এমনভাবে সাজানো হবে যেন এই শহরের মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে এবং বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন। উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। মানুষ যেন অতি সহজেই সেবা পায় এবং উন্নয়ন কাজে সম্পৃক্ত হয়ে আনন্দ লাভ করে, সেই ব্যবস্থা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন চেয়ারম্যান।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, সমাজ ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি
সমূলে উৎখাত করা হবে। অতীতে কারা কী ধরনের অনিয়ম বা দুর্নীতি করেছে, তার সুনির্দিষ্ট অভিযোগ জানাতে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এর আগে আনুষ্ঠানিক নথি স্বাক্ষর করে নিজের দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ উপলক্ষ্যে আরডিএ ভবনে আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে তিনি উপস্থিত অতিথি এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। পরে তিনি আরডিএ ভবন চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।



