জুলাই নিয়ে শাওনের মন্তব্যে বিতর্ক

জুলাই আন্দোলনকে ঘিরে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বুধবার (১ জুলাই) দেওয়া ওই পোস্টে তিনি বহুল আলোচিত #জুলাইCDI হ্যাশট্যাগ নিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।

ছবি: সংগৃহীত

পোস্টে শাওন লেখেন, প্রথমে তিনি ভেবেছিলেন #জুলাইCDI শুধু জুলাই মাসেই ব্যবহার করা হয়। পরে তার উপলব্ধি হয়েছে, বছরের যেকোনো সময়ই অনেকে এটি ব্যবহার করেন। তিনি আরও লেখেন, মন খারাপ, মন ভালো, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা কারও ওপর রাগ—সব পরিস্থিতিতেই নাকি এই হ্যাশট্যাগ ব্যবহার করা যায়। পোস্টের শেষদিকে তিনি লেখেন, “আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…”।

পোস্টটি প্রকাশের পরপরই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই শাওনের বক্তব্যকে জুলাই আন্দোলন ও আন্দোলনে নিহত-আহতদের আত্মত্যাগকে ব্যঙ্গ করার চেষ্টা হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। বিভিন্ন রাজনৈতিক নেতা, সংগঠন ও সামাজিক কর্মীরাও তার বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দেন এবং কেউ কেউ প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের ব্যবহারকারী শাওনের বক্তব্যকে মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে দেখেছেন। তাদের দাবি, পোস্টটি নিয়ে ভিন্নমত থাকতেই পারে, তবে মত প্রকাশের অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। ফলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে বিস্তর বিতর্ক শুরু হয়।