নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুলাহ আল মাসুম (১৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুলাহ আল মাসুম জেলার হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির মাওলানা কাউচারের ছেলে। তিনি সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেয় মাসুম। পথে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিতে থাকা এক নারী ও দুই শিশুসহ মোট ছয়জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুলাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে রাখেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

