কৃষকদের জন্য ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’

রবি মৌসুমে মিলবে সার

সার বিতরণে অনিয়ম ঠেকাতে উদ্যোগ

হালনাগাদ হচ্ছে কুড়িগ্রামের প্রায় ৫ লাখ ৮৪ হাজার কৃষকের তালিকা

সারের প্রাপ্তি নিশ্চিত করতে কুড়িগ্রামের কৃষকদের জন্য ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ নামে সাময়িক সার বিতরণ কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে কৃষি বিভাগ। আসন্ন রবি মৌসুমে মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ পর্যন্ত এ কার্ডের মাধ্যমে কৃষকদের সার দেওয়া হবে। এ লক্ষ্যে জেলার কৃষকদের তালিকা হালনাগাদসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে চিলমারী উপজেলায় কার্ডের জন্য কৃষকদের নিবন্ধন শুরু হয়েছে।

কৃষি বিভাগ বলছে, প্রকৃত কৃষকদের কাছে সরকারি বরাদ্দের সার পৌঁছানো এবং ফসল উৎপাদন অব্যাহত রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। কার্ডের মাধ্যমে সার বিতরণ করা হলে বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং কৃষকের পরিচয় ব্যবহার করে অন্যদের সার নেওয়া ও কালোবাজারির সুযোগ কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামে সার নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সার বিতরণে অব্যবস্থাপনা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলার-খুচরা বিক্রেতাদের যোগসাজশে সার বিক্রির অভিযোগ এবং কৃষকের পরিচয়ে অন্যদের সার নেওয়ার অভিযোগ ওঠে। এতে প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করেন প্রকৃত কৃষকেরা।

সারের দাবিতে জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ, ডিলারের গুদাম থেকে সার লুট, সড়ক অবরোধ এবং কৃষি কর্মকর্তাদের ওপর হামলার মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও কৃষি বিভাগকে বেগ পেতে হয়। নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত সার বরাদ্দ দিয