প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি এনসিপির যুবশক্তির

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তি। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ ছাড়াও যুবশক্তির অন্য দাবিগুলো হলো—প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা, নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা, ভেরিফিকেশনের নামে হয়রানি ও ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা এবং বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।