রাজশাহীর চারঘাটে ব্যাটারিচালিত ভ্যানচালককে কুপিয়ে ভ্যান, স্মার্টফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী সদর কোম্পানির একটি অভিযানিক দল।
মঙ্গলবার এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা উপজেলার মীরগঞ্জ বাজারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছিনতাই চক্রের মূল হোতা জহিরুল ইসলাম (৩০), তার দুই সহযোগী শহিদুল ইসলাম (৪২) ও আলমগীর হোসেন (৩৪)।
এসআরবি জানায়, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে চারঘাটের শিশাতলায় ভ্যানচালক তফিকুল ইসলামকে অজ্ঞাতনামা দুই যাত্রী অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তারা তার ব্যাটারিচালিত ভ্যান, স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে চারঘাট থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ঘটনার পর এসআরবি-৫ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গভীর রাতে বাঘা উপজেলার মীরগঞ্জে অভিযান চালিয়ে প্রথমে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্যান ছিনতাইয়ে জড়িত আলমগীর হোসেন ও মোবাইল ফোন ছিনতাইয়ে জড়িত টুটুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি। গ্রেপ্তার ব্যক্তিদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক জানান, গ্রেপ্তার জহিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে আটটি মামলা রয়েছে।

