রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলার সময় অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে বিদ্যালয় চলাকালে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ে কোচিং সেন্টার চালু রাখলে অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।
তিনি আরও বলেন, কোচিং সেন্টার নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য আগাম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগও উঠেছে। এসব বিষয়েও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে রাজশাহীর পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


