রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় জিহাদীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে শিশু ধর্ষণ মামলায় আব্দুল জব্বার মাহমুদ জিহাদী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মহানগর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, বোয়ালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুল জব্বার মাহমুদ জিহাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। জিহাদী সিরাজগঞ্জ সদর থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায় বসবাসের সময় এক শিশুকে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত শেষে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিহাদীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।