নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, মেয়ের অবস্থা গুরুতর

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের ক্ষেত থেকে লাউ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্র বানু (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে রেহানা বেগম (২০)। সোমবার সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রামের চিনা বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি আনতে যান চন্দ্র বানু। এ সময় ক্ষেতের সেচপাম্পের বৈদ্যুতিক তারে তার পা জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুতের কবল থেকে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে রেহানা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চন্দ্র বানুকে মৃত ঘোষণা করেন। রেহানা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন সোমবার দুপুরে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।