সেনবাগে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে নোয়াখালী-ফেনী চার লেন মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছমিরমুন্সির হাট পশ্চিম বাজারের একটি দোকানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন জানান, স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, ওই নারী গত ছয়-সাত দিন ধরে ছমিরমুন্সির হাট বাজার এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকেলে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যেতে পারে। একই সঙ্গে ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে সেনবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।