রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষার পাসের হার কমে ৪৫.০৬ শতাংশে নেমেছে। করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালে অটোপাসের পর এবারই সর্বনিম্ন পাসের হার। শনিবার বেলা ১১টায় বোর্ডের সভাকক্ষে পরীক্ষার ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার বোর্ডের অধীন নিয়মিত ১ লাখ ৪১ হাজার ৯৩৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৮৯৪ জন।

বোর্ডের অধীন আট জেলার ৭৪৩টি কলেজের পরীক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এবার ছেলেদের পাসের হার ৩৭.৭১ শতাংশ এবং মেয়েদের ৫৩.০৩ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে রয়েছে মেয়েরা।

এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ পরীক্ষার্থী। তাদের মধ্যে ১ হাজার ৯৬৫ জন ছেলে এবং ২ হাজার ৫৫৫ জন মেয়ে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার পরীক্ষায় ৩১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বোর্ডের আট জেলার মাত্র ৯টি কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৩৯টি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

ফলাফল প্রকাশের পর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন বলেন, পরীক্ষার্থীরা খাতায় যেভাবে লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। বিষয়টি সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলেছে।