এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের শতভাগ গোল্ডেন জিপিএ-৫

এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমলেও শতভাগ জিপিএ-৫ অর্জনের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এবার কলেজটির ৪৬ পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কলেজের ৪৬ পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। এবারও শিক্ষার্থীরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।

অধ্যক্ষ জানান, ক্যাডেট কলেজে শুধু লেখাপড়াই নয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলার অনুশীলন করানো হয়। এ ছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়াতে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করার পাশাপাশি নৈতিক চরিত্রের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে ক্যাডেট কলেজ। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।