কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন নারী রয়েছেন। এ সময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে উপজেলার ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামের মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাকলী রানীর বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওই গ্রামের মৃত হরে কান্ত বর্মনের মেয়ে কাকলী রানী (৩৭), পূর্ব কুটিচন্দ্রখানা বৈরাগীটারী গ্রামের জয়ন্ত কুমার মহন্তের ছেলে জয়দেব কুমার মহন্ত (২৫), মধ্য কুটিচন্দ্রখানা বটতলা গ্রামের ভবেন চন্দ্র রায়ের ছেলে সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামের আজগার আলীর ছেলে মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)।
পুলিশ জানায়, অভিযানে তাঁদের হেফাজত থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০টি ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ফেনসিডিল ও নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


