নোয়াখালীর সেনবাগে মাদকাসক্ত ছেলেকে সংশোধনের আশায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সাইফুল। তার বাবা আবুল বাশার ও মা ৯৯৯-এ ফোন করে ছেলের বিরুদ্ধে অভিযোগ জানান। পরে সেনবাগ থানা পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
আদালতে সাইফুল নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
ইউএনও মো. এরফানুল হক চৌধুরী জানান, আদালতের আদেশের পর সাইফুলকে কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


