নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের নষ্ট মিটার থেকে সৃষ্ট শর্ট সার্কিটের আগুনে সোহরাব কবিরাজ নামের এক খামারির বসতঘর, ও গোয়ালঘর পুড়ে ছাঁই হয়েছে। এসময় জীবন্ত দগ্ধ হয়ে মরেছে তার তরতাজা চারটি দুগ্ধজাত গরু। পুড়েছে তার স্বপ্নও।
মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের খামারি সোহরাব কবিরাজের বাড়িতে এ ঘটনা ঘটে।
সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে সব পুড়ে গেছে খামারির। বিষয়টি নিশ্চিত করে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রুবেল মিয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমান নিধারন করা হেেচ্ছ।
ক্ষতিগ্রস্থ খামারি সোহরাব কবিরাজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সবকিছু শেষ হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ আমার নষ্ট মিটার ঠিক না করায় আমার বসতঘর, গোয়ালঘর,চারটি দুধের গরুসহ একটি মোটরসাইকেল ও অনেক জিনিসপত্র পুড়েছে। আগুনে আমার ১০ লাখ টাকা ও বেশি ক্ষতি হয়েছে। এখন আমি পথে বসেছি।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে তার অভিযোগ বলেন, এ ঘটনার জন্য পল্লী বিদ্যুতের অবহেলা দায়ী। প্রায় চার থেকে পাঁচ মাস আগে তার বিদ্যুতের মিটারে এুটি দেখা দেয়। এ সময় প্রতি মাসে ৫ থেকে ৬ হাজার টাকার অতিরিক্ত বিল আসতে থাকে।
বিষয়টি জানিয়ে সুবর্ণচর পল্লী বিদ্যুতের জোনাল অফিসে চার মাসে চারবার লিখিত অভিযোগ করেছি। মিটার পরিবর্তনের জন্য প্রতি মাসে আনুমানিক ২০০ থেকে ৩০০ টাকা কাল্পনিক বিল পরিশোধও করেছি। মিটার পরিবর্তনের আশ্বাস দিলেও তা পরিবর্ত করেনি।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসার আরব আলী শেখ বলেন, বিষয়টি তিনি জানার পর তদন্ত করার জন্য ঘটনাস্থলে পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের পাঠিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



