রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অপর দু’যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দুপুরের দিকে বানেশ্বর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুঠিয়ার নকুলবাড়িয়ার হাসেন প্রামাণিক (৭০) ও তার সহোদর আব্দুল খালেক প্রামাণিক (৬৫)। গুরুতর আহত লালন ও লাল্টুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, অটোরিকশার যাত্রীরা নকুলবাড়িয়া মসজিদের মাইক কেনার জন্য রাজশাহী যাচ্ছিলেন। এ সময় নাটোরগামী ক্যারেট বহনকারী একটি ট্রাক বানেশ্বর বাজারে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিকের মৃত্যু হয়। অপর তনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাসেন প্রামাণিককে মৃত ঘোষণা করেন।
পবা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, নিহত সহোদর খালেক ও হাসেন প্রামাণিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।



