শ্বশুরের মৃত্যুর শোকে প্রাণ গেল পুত্রবধূর

নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা গেছেন পুত্রবধূ রাহিনা আক্তার (৩২)। এর আগে শনিবার রাতে মারা যান তার শ্বশুর মো. মফিজুর রহমান (৭০)। মাত্র সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে মফিজুর রহমান এবং পরদিন রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাহিনা আক্তার মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় কৃষক মফিজুর রহমানের মেজ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী ছিলেন রাহিনা। পরিবারের সবার সঙ্গে তার ছিল গভীর আন্তরিক সম্পর্ক। বিশেষ করে শ্বশুর-শাশুড়িকে নিজের মা-বাবার মতোই ভালোবাসতেন তিনি। অন্যদিকে, মফিজুর রহমানও পুত্রবধূকে আপন সন্তানের মতো স্নেহ করতেন।

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, মফিজুর রহমান ছিলেন স্নেহশীল ও ভালো মানুষ। পরিবারের সবাইকে তিনি আগলে রাখতেন। রাহিনা আক্তারকেও তিনি ও তার স্ত্রী নিজেদের সন্তানের মতো ভালোবাসতেন। শ্বশুরের মৃত্যুর খবর ও শোক সহ্য করতে না পেরে রাহিনা অসুস্থ হয়ে পড়েন। পরে স্ট্রোকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

কামাল উদ্দিন আরও জানান, রোববার সকাল ১১টার দিকে স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন সন্ধ্যার পর জানাজা শেষে রাহিনা আক্তারকেও দাফন করা হয়।

পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। শ্বশুর-পুত্রবধূর গভীর পারিবারিক বন্ধন এবং অল্প সময়ের ব্যবধানে তাদের চলে যাওয়ার ঘটনায় শোকাহত স্থানীয় বাসিন্দারা।