নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, নোবিপ্রবিতে গত ২৭ মার্চ গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত বিভিন্ন কমিটি ও উপ-কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরীক্ষা উপলক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় সভা করে যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও পরবর্তী পরীক্ষাসমূহও সুন্দর পরিবেশে সম্পন্ন করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নিজাম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান, প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমান, শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুদ্দীন সহ কোর কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ৩ ও ১০ এপ্রিল গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


