সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অধিকাংশ দেশে গতকাল রবিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। গালফ নিউজ জানিয়েছে, আরব দেশগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আজ সোমবার হলো জিলহজ মাসের প্রথম দিন এবং ২৭ মে (বুধবার) দেশগুলোতে ঈদুল আযহা উদযাপিত হবে।
এদিকে, বাংলাদেশে পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণে আজ সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় বসবে। আমাদের দেশে ঈদুল আযহা হতে যাচ্ছে ২৮ মে। গতকাল রবিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান হয়েছে, আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। কমিটির সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে আসা চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে এই সভা থেকেই ঈদুল আজহার চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য দেশের সাধারণ নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার সংবাদ জানাতে নাগরিকদের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
পাশাপাশি কোনো জেলা বা উপজেলায় চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি অবহিত করার জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লল বিন কাশেমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সোমবারের এই সভার সিদ্ধান্তের পরেই ধর্মপ্রাণ মুসলিমরা জানতে পারবেন চলতি বছরের কোরবানির ঈদ কবে উদযাপিত হবে।



