রংপুরে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে রংপুর জিলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভরতা, মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
মাঠমুখী কার্যক্রম শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহমর্মিতা ও দেশপ্রেম জাগ্রত করে। তাই পরিবার, শিক্ষক, প্রশাসন ও সমাজের সকলকে শিশুদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংগঠক, অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালক-বালিকার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।



