অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলে গেলেন চলচ্চিত্র অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। খবরটি নিশ্চিত করেছেন এই অভিনয় শিল্পীর ভাতিজা, সংগীতশিল্পী নিলয় আহমেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের কারণে তাঁর দুটি কিডনি বিকল হয়ে যায়। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে তিন দিন নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ওঠেননি।

প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন জাহানারা ভূঁইয়া এ দেশে নারী চলচ্চিত্র পরিচালকদের মধ্যে ছিলেন অন্যতম একজন। সত্তর ও আশি দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন জাহানারা ভূঁইয়া। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক স্বামী সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন তিনি। আশি দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রাভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন। এরপর শতাধিক ছবিতে অভিনয় করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে জাহানারা ভূঁইয়া চলচ্চিত্র পরিচালনার উদ্যোগ নেন। পরিচালনাও করেছেন কয়েকটি চলচ্চিত্র। ১৯৭০ সালে দেশ স্বাধীনের আগে নির্মাণ করেছিলেন ‘বিন্দু থেকে বৃত্ত’। তবে তাঁর পরিচালনার ‘সিঁদুর নিও না মুছে’ ছবিটির নির্মাণ শেষ করতে কয়েক বছর লেগে যায়। সাদাকালো যুগে নির্মিত এই ছবি সেন্সর ছাড়পত্র পেলেও এখন পর্যন্ত মুক্তি পায়নি।
জাহানারা ভূঁইয়াকে কোথায় সমাহিত করা হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানান তাঁর ভাতিজা নিলয় আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments