পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চারদিনের সফরে ঢাকায় এসেছেন। বুধবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় পাকিস্তান হাইকমিশন সূত্রে জানা গেছে- আজ বৃহস্পতিবার থেকেই ঢাকায় তার আনুষ্ঠানিক সফর শুরু হচ্ছে।
সূত্র জানায়, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। সফরকালে জাম কামাল খান বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। সফরকালে তিনি চট্টগ্রাম যাবেন। সেখানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং চট্টগ্রাম স্টিল মিলস পরিদর্শন করবেন। এছাড়াও টাঙ্গাইলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করবেন তিনি।
তার সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। এদিকে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের দুই মন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।



