ফলাফল ঘোষণা নিয়ে টানটান উত্তেজনার পর মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বিভিন্ন হলের ফলাফল ঘোষণা শুরু হয়। রাত সাড়ে ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৮টি আবাসিক হলের মধ্যে ৭টি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ৭টি হলে ঘোষিত ফলাফল অনুযায়ি ভিপি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন ৫,৩৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি এই ৭টি হলে ভোট পেয়েছেন ২,৭৩৬ ভোট।
অন্যদিকে জিএস পদেও ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। ছাত্র শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন ২,২৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারি হামীম পেয়েছেন ১,৩৬৭ ভোট।
এদিন রাত সাড়ে বারোটার পরে এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা চলছে। আটটি কেন্দ্র থেকে প্রত্যেক হল সংসদের ফলাফল ও ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। সিনেট ভবন সামনে থেকে ডাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে ফললের জন্য রাত নয়টার পর থেকেই সিনেট ভবন কানায় কানায় পূর্ণ হয়ে যেতে দেখা গেছে। ভবনের বাইরে অপেক্ষা করছেন আরও অনেকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভোটকেন্দ্রগুলোর আশপাশে শিক্ষার্থীদের ভীড় করতে দেখা গেছে। এসময় শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সময় কাটান এবং মাঝে মাঝে নিজেদের প্রার্থীর স্লোগান দিতেও দেখা যায়।
এসময় ভিপি বা জিএস পদে কে বিজয়ী হবে চলছিলো সে হিসাব-নিকাশ। অনেকে ‘ঢাবি ঢাবি’ স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ফলাফল ঘোষণা করবেন বলে জানা গেছে।
এদিকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ এবং আশেপাশের এলাকায় রাজনৈতিক কর্মী এবং উৎসুক জনতার ভিড় জমিয়েছে । রাত বাড়ার সাথে সাথে এই ভীড় আরও তীব্র হয়ে উঠে।
এ অবস্থায় উৎসুক জনতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে অযথা ভিড় না করার অনুরোধ জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান। তিনি জানান, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার জন্য ডিএমপির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো।
এদিকে ডাকসু নির্বাচনের পরের আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন। এ সম্পর্কিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাবির সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
ঘোষিত ফলাফল :
ফজলুল হক হলে ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ভেট, আবিদুল ইসলাম ১৮১ ভোট ও উমামা ফাতেমা ১৫৩ ভোট পেয়েছে। জিএস পদে এসএম ফরহাদ ৫৮৯ ভোট,আবু বাকের মজুমদার ৩৪১ ভোট প তানভীর বারি হামিম ২২৮ ভোট পেয়েছে। এজিএস পদে মহিউদ্দিন খান ৭০৫ ভোট, তানভীর আল হাদী মায়েদ ১৮৮ ভোট ও আশরেফা খাতুন ৩৫ ভোট পেয়েছে।
অমর একুশে হলে ভিপি পদে সাদিক কায়েম ৬৪৪ ভোট, আবিদুল ইসলাম ১২১ ভোট পেয়েছে। জিএস পদে এসএম ফরহাদ ৪৬৬ ভোট,তানভীর বারী হামিম ১৮০ ভোট পেয়েছে। এজিএস পদে মহিউদ্দিন খান ৫২১ ভোট,তানভীর বল হাদি মায়েদ ১৪১ ভোট ও তাহমিদ আল মোদ্দাচ্ছের চৌধুরী ১০১ ভোট পেয়েছে।
ড.মুহাম্মদ শহিদুল্লাহ হলে ভিপি পদে সাদিক কায়েম ৯৬৬ ভোট, আবিদুল ইসলাম খান ১৯৯ ভোট ও শামীম হোসেন ১৬১ ভোট পেয়েছে। জিএস পদে এসএম ফরহাদ ৭৭৩, তানভির বারি হামিম ২৪৯ ভোট ও আবু বাকের মজুমদার ২৪১ ভোট পেয়েছে । এজিএস পদে মহিউদ্দিন খান ৮৪৪ ভোট, তানভীর আল হাদী মায়েদ ১৭৯ ভোট পেয়েছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে সাদিক কায়েম ৮৪১ ভোট ও আবিদুল ইসলাম ১৮১ পেয়েছে। কবি সুফিয়া কামাল হলে কেন্দ্রীয় ভিপি পদে সাদিক কায়েম ১২৭০ ভোট ও আবিদুল ইসলাম খান ৪২৩ ভোট পেয়েছে। জিএস পদে এসএম ফরহাদ ৯৬৪ ভোট,মেঘমল্লার বসু ৫০৭ ভোট ও তানভীর বারি হামিম ৫০৭ ভোট পেয়েছে।
শামসুন নাহার হলে ভিপি পদে সাদিক কায়েম ১১১৪ ভোট, আবিদুল ইসলাম ৪৩৪ ভোট, জিএস পদে এসএম ফরহাদ ৮১৪ ভোট, শেখ তানভীর বারি হামিম ৩১২ ভোট পেয়েছেন। এজিএস পদে মহিউদ্দিন খান ৯০৫ ভোট, ছাত্রদলের তানভীর বল হাদী মায়েদ ৩৩৬ ভোট পেয়েছে।
জগন্নাথ হলে ভিপি পদে আবিদুল ইসলাম খান ১২৭৬ ভোট ও সাদিক কায়েম ১০ ভোট পেয়েছেন।
এছাড়াও হলগুলোর মধ্যে কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে সানজানা আক্তার চৌধুরী রাত্রি ১১২০ ভোট, জিএস রুকু খাতুন ১২৪৯ ভোট, এজিএস সিমু আক্তার ১৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। জিএস পদে মেঘমল্লার বসু ১১৭০ ভোট ও তানভীর বারি হামিম ৩৯৮ ভোট পেয়েছেন।



