জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলাসহ শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে রংপুরে ‘গ্রাফিতি পুনঃনির্মাণ’ কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে মহানগর জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে টাউন হল গেইটে এ কর্মসূচী পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, যুগ্ম সদস্য সচিব ফারহান তানভীর ফাহিম, মেহেদী হাসান মীম, সংগঠক সাদিয়া ইসলাম অন্যন্যাসহ অন্যরা।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও শিক্ষার্থীদের শিল্পকর্ম মুছে ফেলার অপচেষ্টা ইতিহাসকে বিকৃত করার শামিল। গ্রাফিতির মাধ্যমে জুলাইয়ের আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের পতন ও জুলাইযোদ্ধাদের কাঙ্খিত বাংলাদেশের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
যারা নতুন করে ফ্যাসিস্ট হতে চাইবে, গ্রাফিতির চিত্রকর্মগুলো তাদের ভাবিয়ে তুলবে। তাই জুলাইযোদ্ধারা বেঁচে থাকতে গ্রাফিতিকে মুছে ফেলতে দেয়া হবে না। অবিলম্বে এসব কর্মকান্ড বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী পালন করা হবে।



