রাজশাহীস্থ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে ‘আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভুমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৮ মে) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রড- ১) মো. আমজাদ হোসেন খান। অর্থনীতি বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। স্বাগত বক্তব্য দেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আতাউল গনি ওসমানী।
প্রধান অতিথি প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘অত্যন্ত সময়োপযোগী সেমিনারটি বাংলাদেশ ব্যাংকের ভুমিকা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার একটি সূবর্ণ সুযোগ। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।
প্রবন্ধকার আমজাদ হোসেন খান বাংলাদেশের মানিটরি পলিসিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাসহ অন্যান্য কাজ, বাণিজ্যিক ব্যাংকের কাজ ও সিডিউলড এবং ননসিডিউলড ব্যাংকের পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এনজিও আসার পর গ্রামীণ জনপদে নারীর ক্ষমতায়নের উন্নতি হয়েছে। এনজিও’র কিছু কাজ সমালোচিত হলেও দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘জালনোট ও টাকা ছাপানো বন্ধ এবং ম্যানেজমেন্ট খরচ কমাতে বাংলাদেশ শীঘ্রই ক্যাশলেস লেনদেনে যাচ্ছে। যেখানে সব লেনদেন কিউআর কোডের মাধ্যমে হবে। তিনি ফরেন রিজার্ভে রেমিট্যান্স যোদ্ধা ও ফ্রিল্যান্সারদের ভূমিকা এবং গ্রিন ফাইন্যান্স ও রিনিউএবল এনার্জির গুরুত্ব তুলে ধরেন।



