রাজশাহীর পুঠিয়ায় সাধু ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাজশাহীর বেলপুকুর থানায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন।
মামলার সত্যতা নিশ্চিত করে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
মামলার আসামিরা হলেন- পুঠিয়ার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) এবং ভুক্তভোগী নারীর স্বামী। অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ির পাশেই একটি আস্তানা রয়েছে। সেখানে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা যাতায়াত করেন। ভুক্তভোগী নারীর স্বামীও তার অনুসারী। প্রায় ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।
সম্প্রতি বাজারে যাওয়ার কথা বলে ওই নারীকে তার স্বামী হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে স্বামীর সহযোগিতায় হাত-পা বেঁধে হামিদ ফকির তাকে ধর্ষণ করেন।
এজাহারে ওই নারী উল্লেখ করেন, ঘটনার পর বিষয়টি গোপন রাখার অপচেষ্টা করেন তার স্বামী। পরে তিনি সুযোগ বুঝে স্বামীর বাড়ি থেকে পালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে গিয়ে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সোমবার বেলপুকুর থানায় গিয়ে স্বামী ও হামিদ ফকিরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।



