নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্নাতক ও স্নাতকোত্তর সকল সেমিস্টারের শ্রেণি
প্রতিনিধিদের (সিআর) সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষা, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমে যে অবস্থানে আছে তার থেকে আরও এগিয়ে নিতে পদক্ষেপ গ্রহণ করা হবে। শিক্ষার্থীদের সেশনজট সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে কিন্তু বিশ^বিদ্যালয়ের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যে সমস্যাসমূহ রয়েছে তা পর্যায়ক্রমে
সমাধানের চেষ্টা করা হবে। একাডেমিক ভবন-৩ প্রকল্প বাস্তবায়ন হলে অধিকাংশ সমস্যার সমাধান হবে। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে সুপেয় পানির সরবরাহ, ক্যাশলেস ক্যাম্পাস, ই-কার, পরিবহন সংকট সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধণে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোকপাত করেন।
প্রশ্নোত্তর পর্ব শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন ও তাদের মূল্যবান পরামর্শকে সাধুবাদ জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। সভা সঞ্চালন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এস এম সোহেল রানা। এ সময় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও
সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



