ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হওয়া দুই নারীর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব । গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ার হোসেন ও জুয়েল।
মঙ্গলবার নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও একটি পিকআপ জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া তিনটি ব্যাগসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার আনোয়ার হোসেন সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় সংঘটিত একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত। নূরজাহান রোডে দুই নারীর কাছ থেকে ব্যাগ ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ছিনতাই হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে একই ঘটনায় জুয়েল নামে আরেক অভিযুক্তকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২। র্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযান এখনও চলমান রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
গত ৩১ মে ভোররাত পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঈদের ছুটি শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে নামার পর দুই বোন চাপাতির মুখে ছিনতাইয়ের শিকার হন।
গুলশানে ছুরিকাঘাতে পিকআপচালক আহত:
রাজধানীর গুলশানে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সোহেল সিকদার (৩৯) নামে এক পিকআপচালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মাসুম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গুলশান-১ এলাকার পাকা মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে।
আহতের চাচা অফেস আলী সিকদার জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে মাসুম নামে এক ব্যক্তি সোহেলের ওপর হামলা চালান। তার দাবি, মাসুম প্রায়ই সোহেলের স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন। এ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সেই বিরোধের জেরে মাসুম ধারালো ছুরি দিয়ে সোহেলের পিঠে আঘাত করেন।



