গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগস্থ ট্রাস্টের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের (উচ্চ বিদ্যালয়) হলরুমে আলোচনা সভা ও যোগ ব্যায়াম চর্চা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন এর সহকারী হাই কমিশনার (চট্টগ্রাম) শ্রী হরিশ কুমার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাশ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আশ্রম ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি নাছরিন আকতার ও সঞ্চালনা করেন ট্রাস্টের সচিব রাহা নব কুমার।
“সুস্থ বাাধর্ক্যের জন্য যোগ”এ প্রতিপাদ্যের আলোকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পাল।
প্রধান অতিথি প্রতিপাদ্যের আলোকে মানুষের সুস্থতার জন্য এবং সমাজে বসবাসরত মানুষের শান্তির জন্য নিয়মিত যোগ ব্যায়াম চর্চার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গান্ধী গ্লোবাল ফ্যামিলি এর কান্ট্রি হেড এবং শান্তি কর্মী তন্দ্রা বড়ুয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা এন.আর.ডি.এস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, বন্ধন এর নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন, ট্রাস্টের সহকারী পরিচালক (মিডিয়া, কমিউনিকেশন এন্ড এইচ আর) অসীম কুমার বকসী, জয়াগ বাজার বণিক সমিতির আহবায়ক মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন দেহ, মন এবং আধ্যাত্ম সব দিক থেকেই সমাজে যুব শিক্ষার্থী, প্রাপ্ত বয়স্ক সহ সকলকে সুস্থতার জন্য যোগ ব্যায়াম চর্চা ও তার বিস্তারণ ঘটাতে আহবান জানান।
আলোচনা শেষে যোগ ব্যায়াম চর্চা ও সাংস্কৃতিক পর্বে সহায়তাকরণে ছিলেন বাংলাদেশ ইয়োগা সংঘ এবং হারমোনি ট্রাস্ট এর প্রশিক্ষক সৈয়দা শাহিদা সুলতানা ইলোরা।
এতে অংশগ্রহন করেন গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী, মানবাধিকার বিষয়ক বিভিন্ন ইউনিয়ন কমিটির সদস্য, ইয়ুথ গ্রুপের সদস্য, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীগণ।



