রংপুরে মাদকবিরোধী অভিযানে ছয় জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দন্ড প্রাপ্তরা হলো, মোঃ মমিনুল ইসলাম (২৪), মোঃ মেহেদী হাসান (২৭), মোঃ আবুল (৪৩), মোঃ সুলতান (৪৮), মোঃ সুরুজ মিয়া (৪২) ও মোঃ শহিদুল ইসলাম (৩০)। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক আসামিকে
তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১‘শ টাকা করে অর্থদন্ডের আদেশ প্রদান করেন।
রোববার (২১ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর ‘ক’ সার্কেল এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহানের নেতৃত্বে রংপুর মহানগরের কোতোয়ালি ও পরশুরাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ০.৪ গ্রাম হেরোইন ও ২‘শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট ছয়টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয় এবং ছয় জনকে আটক করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন এবং উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



