আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ‘ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-২০২৭’-এ দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে রাবি।
বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, গত ১৬ জুন ইউএস নিউজের ওয়েবসাইটে প্রকাশিত অনুযায়ী, ১০০-এর মধ্যে ৪৫ দশমিক ৫ স্কোর করে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় রাবির অবস্থান ৬১২তম। একই সঙ্গে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭৬তম এবং বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সূত্র মতে, গত বছরের তুলনায় এবার রাবির অবস্থানের উন্নতি হয়েছে। ২০২৫-২০২৬ সালের র্যাঙ্কিংয়ে ৪১ দশমিক ৩ স্কোর নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে ছিল রাজশাহী বিশ^বিদ্যালয়।
এই অর্জনে সন্তোষ প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গবেষণা, শিক্ষা ও একাডেমিক কার্যক্রমে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও উন্নত হবে’ বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



