এক গোল পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ‘ই’-এর ম্যাচে শনিবার এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৩১ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরিকোস্ট। প্রথমার্ধে সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকান দলটি। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জার্মানি। আক্রমণের ধার বাড়িয়ে তারা একের পর এক সুযোগ তৈরি করতে থাকে।
এরই ফল পায় ৬৮ মিনিটে। নাদিয়েম আমিরির বাড়ানো বল থেকে ডেনিজ উনদাভ গোল করে জার্মানিকে সমতায় ফেরান। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও জালের দেখা পান উনদাভ। ফেলিক্স এনমেচার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে জার্মানির জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিল জার্মানি। অন্যদিকে ভালো শুরু করেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আইভরিকোস্টকে।



