রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিজ বাড়ির ছাদে চিলেকোটার ঘরে সোহেল আহমেদ (৫০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে অবস্থিত ছয়তলা বাড়ির ছাদের টিনশেড কক্ষে সময় কাটাতেন সোহেল আহমেদ। শুক্রবার সেখানে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, সোহেল আহমেদ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি কী ধরনের ব্যবসা করতেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া তার একাধিক বাড়ি রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, সোহেল আহমেদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কে বা কারা হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং আলামত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।



