গণভোটের রায়, জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি
নোয়াখালীর সোনাইমুড়ীতে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোনাইমুড়ী উপজেলা শাখা।
রোববার (২ আগস্ট) বিকেল ৫টায় সোনাইমুড়ী হামিদীয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মোল্লা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে গণভোটের রায় ও জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি, নোয়াখালী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান, সোনাইমুড়ী পৌর জামায়াতের আমির আবদুল মতিন, সেক্রেটারি ফজলুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম।
সমাবেশে বক্তারা গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি জুলাই সনদ কার্যকর করা এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
গণমিছিল ও সমাবেশে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।



