বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণের যে প্রত্যাশা ছিল, তার পরিবর্তে বিএনপির মধ্যে এখন ‘ফ্যাসিস্টদের ফটোকপি’ দেখা যাচ্ছে।
রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সাড়ে ১৭ বছর আমরা যেমন নির্যাতনের শিকার হয়েছি, বিএনপিও হয়েছে। কিন্তু রক্তঝরা আন্দোলনের স্মৃতি এত দ্রুত ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টদের মতো আচরণের প্রতিচ্ছবি এখন বিএনপির মধ্যেই দেখতে পাচ্ছি।”
তিনি বলেন, “সাংবাদিক, আলেম-ওলামা, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর অতীতে যে দমন-পীড়ন চালানো হয়েছিল, তা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বিরোধী মত দমন, অপপ্রচার ও শক্তি প্রয়োগের যে সংস্কৃতি ছিল, তার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়।”
সাবেক নির্বাচন কমিশন সচিব মো. শামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগের সমালোচনা করে জামায়াত আমির বলেন, গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে এ ধরনের নিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দাবি করেন, নিরপেক্ষতার প্রশ্নে সরকারকে আরও সতর্ক হওয়া উচিত।
আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীও সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দেশে জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের অস্থিরতা ও রাজনৈতিক সন্ত্রাস চলছে। তার ভাষায়, “বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়নি, বরং নতুন রূপে তা ফিরে আসছে।”
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে যাবে এবং এ দাবিতে তারা রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবে।
সভায় আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।



