দুই বছরে নগরীতে আড়াই লাখ গাছের চারা রোপণের লক্ষ্য
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩০টি ওয়ার্ডে একযোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ‘প্রকৃতি সুরক্ষা’ নামের এই কর্মসূচি যৌথভাবে বাস্তবায়ন করছে রাসিক ও ‘ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্ক’।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশন এলাকায়ও ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি জানান, রাজশাহী মহানগরীতে দুই লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রাসিকের সহযোগিতায় বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তর এ কর্মসূচিতে অংশ নিচ্ছে।
রাসিক প্রশাসক আরও বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে। আগামী দুই বছরের মধ্যে নগরীর পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে।”
অনুষ্ঠানে ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি বিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুল আহসান, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা জামিলসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



