রংপুর সিটির ৮০৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

বড় স্বপ্ন দেখা, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বানের মধ্য দিয়ে রংপুরে ৮০৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। রংপুর গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোরেশন।

মেফতাহুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব আহসান, কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি নিখিলেন্দু শংকর গুহ, রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার এবং অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনসহ অন্যরা।

অনুষ্ঠানস্থল সাজানো হয় শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক নানা স্লোগানসংবলিত ফেস্টুনে। সেখানে লেখা ছিল—‘বড় স্বপ্ন দেখো, বড় মানুষ হওয়ার চেষ্টা করো’, ‘তোমাদের সাফল্যে গর্বিত রংপুর, আশাবাদী বাংলাদেশ’, ‘আজকের সংবর্ধনা আগামীর স্বপ্নজয়ের অনুপ্রেরণা’ এবং ‘মেধার সঙ্গে সাহস যুক্ত হলে তৈরি হয় ইতিহাস’। পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রংপুর নগরী গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বানও তুলে ধরা হয় এসব স্লোগানে।

সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরণ্যক পাল প্রাচুর্য বলেন, ‘এমন আয়োজনে আমরা আবেগে আপ্লুত। রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠান হওয়ায় আমাদের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি।’

পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাসনাত খান বলেন, এত বড় আয়োজনে সংবর্ধনা পেয়ে আমরা গর্বিত। রংপুর সিটি করপোরেশন প্রথমবারের মতো নগরের শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন করেছে। নগরীকে পরিচ্ছন্ন ও পরিকল্পিত করতে প্রশাসক শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন। এটি আমাদের জন্য বড় প্রাপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ উন নবী ডন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। সেই বাংলাদেশ হবে মাদকমুক্ত, সবুজ-শ্যামল ও পরিচ্ছন্ন। রংপুর সিটিকে পরিচ্ছন্ন, সবুজ, মাদকমুক্ত ও যানজটমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব আহসান বলেন, বর্তমান সময়ে অনেক অভিভাবক সন্তানের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের নিজস্ব সৃজনশীল চিন্তা ও আগ্রহকে গুরুত্ব দিতে হবে। তাদের স্বাধীনভাবে ভাবার সুযোগ দেওয়া হলে সেখান থেকেই বড় সাফল্য আসতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments