উজানের ঢল ও সাম্প্রতিক বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়লেও জেলার সবকটি নদ-নদী এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধরলা নদীর তালুক শিমুলবাড়ী পয়েন্ট এবং তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানির উচ্চতা সামান্য কমেছে।
রোববার সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি সকাল ৬টায় ছিল ২৪ দশমিক ২ মিটার। তিন ঘণ্টার ব্যবধানে তা বেড়ে সকাল ৯টায় ২৪ দশমিক ৫ মিটারে পৌঁছেছে। এ পয়েন্টে নদীর বিপৎসীমা ২৬ দশমিক ৫ মিটার। গত ২৪ ঘণ্টায় এ এলাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, ধরলা নদীর তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানির উচ্চতা কিছুটা কমেছে। সকাল ৬টায় সেখানে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৭৮ মিটার, যা সকাল ৯টায় কমে ২৯ দশমিক ৭৫ মিটারে নেমে আসে। এ পয়েন্টে বিপৎসীমা ৩০ দশমিক ৮৭ মিটার।
পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি সকাল ৬টায় ২৮ দশমিক ৩৫ মিটার থেকে বেড়ে সকাল ৯টায় ২৮ দশমিক ৩৯ মিটারে দাঁড়িয়েছে। এ নদীর বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। পাটেশ্বরী এলাকায় গত ২৪ ঘণ্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি সকাল ৬টায় ২৩ দশমিক ৭৬ মিটার থাকলেও সকাল ৯টায় তা বেড়ে ২৩ দশমিক ৭৭ মিটারে পৌঁছেছে। এ পয়েন্টে বিপৎসীমা ২৬ দশমিক ০৫ মিটার।
এদিকে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি সকাল ৬টায় ২১ দশমিক ৪০ মিটার থেকে বেড়ে সকাল ৯টায় ২১ দশমিক ৪১ মিটারে পৌঁছেছে। এখানে বিপৎসীমা ২৩ দশমিক ২৫ মিটার। তবে এ এলাকায় গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

অন্যদিকে, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সামান্য কমেছে। সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৫০ মিটার, যা সকাল ৯টায় কমে ২৯ দশমিক ৩০ মিটারে নেমে এসেছে। এ পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৩১ মিটার। সেখানে গত ২৪ ঘণ্টায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার কয়েকটি নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করায় তাৎক্ষণিক বন্যার কোনো আশঙ্কা নেই। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তিনি জানান।



