মধ্যপ্রাচ্য যুদ্ধে ১২ ও রাশিয়ায় গিয়ে যুদ্ধে ৪ বাংলাদেশি নিহত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সংসদকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, চাকরি নিয়ে রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেইন যুদ্ধে পাঠানোর অভিযোগ এসেছে, তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

সংরক্ষিত নারী আসনে বিএনপি দলীয় সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ শিশুসহ ১৮৬ জনকে দেশে ফেরত আনা হয়েছে। তিনি জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধে এপর্যন্ত মারা যাওয়া ১২ জনের মধ্যে ১ জনের লাশ সংশ্লিষ্ট দেশে দাফন করা হয়েছে এবং ৯ জনের লাশ দেশে ফেরত আনা হয়েছে।

তাদের পরিবারকে লাশ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এরমধ্যে লেবাননে ৫ জন, সৌদি আরবে ৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ জন, ইরাক ও বাহরাইনে ১ জন করে মৃত্যুবরণ করেছেন।

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধানের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল ৩০ জন বাংলাদেশি কর্মী জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে রিক্রুটিং এজেন্সি কর্তৃক ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে রাশিয়ায় যান। রাশিয়ায় পৌঁছানোর পর ওই কর্মীদের জোরপূর্বক যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে- এমন তথ্য পাওয়ার পর সরকার ব্যবস্থা নেয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাকি কর্মীদের দেশে ফিরিয়ে আনার আশা করছে সরকার।

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদার প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী সংসদকে জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য গত এপ্রিলে দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী দেশটিতে সফর করেছেন।

জুলাইয়ে মালয়েশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। আশা করা যায়, অতিদ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments