শিক্ষার্থীদের ভিসার মাধ্যমে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নাবিল ইউসুফ রাফির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য জানান।
এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে প্রতারণা চক্রের কার্যক্রম, অর্থ আত্মসাতের পদ্ধতি, জড়িত অন্য ব্যক্তিদের পরিচয়, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
পুলিশ আরও জানায়, একই কৌশলে আরও অনেক মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগের বিষয়েও তদন্তে তথ্য যাচাই করা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রয়োজন।
তবে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা থেকে নাবিল ইউসুফ রাফিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাতভাইয়াপাড়া এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগে বলা হয়, ‘ভিসাগাইড’ নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে বাদী জারিন তাসনিমসহ একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেন।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা বাদীসহ মোট ৩৬ জনের কাছ থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে ভুক্তভোগীদের চেক ও রসিদ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে কাউকে বিদেশে পাঠাতে পারেননি এবং টাকাও ফেরত দেননি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ জুলাই ভুক্তভোগীরা প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে জানতে পারেন, প্রতিষ্ঠানটি সেখান থেকে অন্যত্র চলে গেছে। এরপর তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং আইনগত ব্যবস্থা নেন।



