টানা বৃষ্টিতে স্থবির রাজধানী

টানা ভারী বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়, অফিসগামী মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেক এলাকায় বাসাবাড়ি ও মার্কেটে পানি ঢুকে পড়ায় ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা ও চলমান পরীক্ষা স্থগিত করেছে।

রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, ধানমন্ডি, কারওয়ান বাজার, হাতিরপুল, কাঁঠালবাগান, গ্রিন রোড, নিউমার্কেট, আজিমপুর, নীলক্ষেতসহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুসমান পানি জমে যায়। কোথাও কোথাও ড্রেন উপচে পানি রাস্তায় উঠে আসে। ফলে যানবাহন ধীরগতিতে চলাচল করে এবং বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিউমার্কেট এলাকায় দোকানপাট ও মার্কেটে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা সকাল থেকে দোকান বন্ধ রাখেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সামান্য বৃষ্টিতেই এ এলাকায় জলাবদ্ধতা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

ভারি বৃষ্টির কারণে গণপরিবহনের সংকটও দেখা দেয়। অনেক যাত্রী দীর্ঘ সময় বাস ও রিকশার জন্য অপেক্ষা করেন। সুযোগ বুঝে কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ওঠে। অফিসগামী অনেককে ভিজেই কর্মস্থলে যেতে হয়েছে।

এদিকে জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রোববারের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করে। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সূচি পরে জানানো হবে।

অন্যদিকে পুলিশ নগরবাসীকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments