নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিদায় মানেই শেষ নয়; বরং এটি নতুন সম্ভাবনা, দায়িত্ব ও সাফল্যের পথে যাত্রার সূচনা। তিনি বলেন, শিক্ষাজীবনের স্মৃতি আজীবন সঙ্গী হয়ে থাকবে। কর্মজীবনে সাফল্য অর্জনের মাধ্যমে বিদায়ের বেদনা একসময় গর্ব ও আনন্দে রূপ নেবে।
তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে বিদায় হলেও নোবিপ্রবির সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক কখনোই ছিন্ন হবে না। দেশে-বিদেশে যেখানেই থাকুন না কেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ বজায় রেখে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছর অন্তত একটি পুনর্মিলনী আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার এবং ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন।
অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



