আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায়ের তারিখ ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লক ডাউন’ কর্মসূচীকে ঘিরে রাজধানীজুড়ে নেওয়া হয়েছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। কয়েকদিন ধরে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে। ফলে জরুরী প্রয়োজন ছাড়া ঢাকার রাস্তায় কেউ বের হননি। অন্যদিকে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকা-ভাঙা মহাসড়ক অবরোধ করা হয়। তিন ঘন্টা পর সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে। এছাড়া দেশের বিভিন্নস্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকায় নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. তরিকুল ইসলাম বলেন, গত কয়েক দিনে রাজধানীতে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এই ৪৩ জনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য। এর মধ্যে রামপুরা থানা যুবলীগের আহবায়ক রইছ উদ্দিন রইছকে পুলিশ বুধবার গভীর রাতে আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৫ আগষ্টের পর রামপুরাসহ রাজধানীর বিভিন্ন থানায় ৯ টি হত্যা মামলা রয়েছে। আগের দিনও রাজধানী থেকে ৪৪ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।
ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ : ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিতে ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্র হাতে ও মহাসড়ক টায়ার জ্বালিয়ে গতকাল ভোরে সড়ক অবরোধ করছেন দলটির নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীরা। ভোর ৬ টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড, ও ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু করেন। সকাল ৯টা পর্যন্ত কর্মসূচির সমথর্নে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।১০টার পর পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা মহাসড়কের বিভিন্ন স্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও সারাদিন সড়কে তেমন কোন যানবাহন চলাচল করেনি।
দুপুরে ভাঙ্গা থানা পুলিশ মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ব্যাগ ভর্তি পেট্রোল বোমা উদ্ধার করে। লাকেজটি হতে ৩২ পিচ তাজা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে ও হাইওয়ে থানার সামনে বিএনপি, এনসিপি, ইসলামী সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেয়। এসময় আওয়ামী লীগের ৩ কর্মীকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
শরীয়তপুরে ট্রাকে আগুন : শরীয়তপুর প্রতিনিধিজানান, আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা বৃহস্পতিবার নাওডোব তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। অবরোধকারিরা পুলিশের গাড়িসহ সড়কের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে।জাজিরার পদ্মা সেতু দক্ষিন থানা ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার শরীয়তপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন।
গজারিয়ায় ট্রাকে অগ্নিসংযোগ : মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজসংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এ ঘটনা ঘটে।
খুলনা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুন : খুলনা অফিস জানান, খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুনের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা দুটি প্লাস্টিক বোতলে পেট্রোল ঢেলে এই আগুন ধরিয়ে দিয়েছে। এতে কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে গেছে। এদিকে, তেরখাদা উপজেলায় একই দিনে দুই স্থানে বোমা সদৃশ কৌটা উদ্ধার এবং রাতে বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঝিনাইদহে বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের অবশিষ্ট প্রতিকৃতি : ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহে আওয়ামী লীগের লক ডাউন ডাকার প্রতিবাদে ছাত্র জনতা ঝিনইদহ শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। তারা শহর ঘুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে শেখ মুজিবের প্রতিকৃতিকে হামলা করে। সেখানে বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিব রহমানের অবশিষ্ট প্রতিকৃতি। বৃহস্পতিবার সকালে শহরের মুজিব চত্বরে স্থাপিত প্রতিকৃতি গুড়িয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
যশোরে পার্কিং করা বাসেআগুন : যশোর অফিস জানায়, যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাশে থাকা বস্তিবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গোপালগঞ্জে গণপূর্ত অফিস ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গণপূর্ত অফিস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তদের নিক্ষেপ করা হাতে তৈরী পেট্রোল বোমার আগুন লেগে গণপূর্ত অফিসের একটি পিক-আপভ্যানের ভিতর-বাইরের কিছু অংশ পুড়ে গেছে। জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, লকডাউন কর্মসূচি ঘিরে বুধবার রাতে মাঠে তৎপরতা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিতসংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় তারা রেল লাইনে, মহাসড়কের পাশেসহ বেশ কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
বগুড়ায় রেল লাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা : ষ্টাফ রিপোর্টার,বগুড়া জানান, বোনারপাড়া-সান্তাহার রুটে বগুড়ার সুখানপুকুর এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে রাখার ঘটনা ঘটে। বগুড়া স্টেশন থেকে শুরু করে আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে।
বান্দরবানের লামায় সড়কে অগ্নিসংযোগ, গ্রেফতার-১ : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের লামা উপজেলায় নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। লকডাউন সফলের ডাকে লামার উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে গতকাল বৃহস্পতিবার ভোরে সড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। তবে জনসমাগম বাড়ার সাথে সাথেই পালিয়ে যায় নেতাকর্মীরা। পুলিশ অভিযান চালিয়ে মিছিলে থাকা রফিক আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, নারীসহ আহত ১০, ককটেল বিস্ফোরন : আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় দেশিয় ধারালো অস্ত্রসহ ককটেল বিস্ফোরন ঘটানো হয়। এতে নারী সহ অন্তত ১০জন আহত হয়েছে। সংঘর্ষের জের ধরে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



