তেলবাহী লরির চাপায় বাবা সফিকুর রহমান নিহত হবার ছয়দিন পর গুরুতর আহত তার ছোট ছেলে সাইদুর রহমান একাও পৃথিবী থেকে বিদায় নিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়।
সাইদুর রহমান একা(১৯) নোয়াখালী সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার-স্বজন, সহপাঠী ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এর আগে ২০ র্ফেরুয়াারি সকালে যুমুনা কোম্পানীর একটি তেলবাহী লরি নোয়াখালী পৌরসভার সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে সড়কের ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এসময় লরির চাপায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামের বাসিন্দা স্থানীয় বাজারের সার ব্যবসায়ী সফিকুর রহমান (৬২) নিহত হন এবং তার মেজ ছেলে সাইফুর রহমান শাকিল(২২) ও ছোট ছেলে সাইদুর রহমান একা গুরুতর আহত হন।
প্রথমে আহতদের ২৫০শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সাইদুর রহমান একার অবস্থার অবনতি হলে ঐদিন তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রথম থেকে তাকে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রাখা হয়।
সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কবিবরহাট থানার এসআই নাজমুল হাসান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। লরির চালককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং লরিটি জব্দ করে থানায় রাখা হয়েছে।


