রাজশাহী বিভাগের ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি কমাতে চালু হয়েছে নতুন অভিযোগ ব্যবস্থাপনা সেবা। এ সেবার মাধ্যমে যেকোনো নাগরিক সহজেই অভিযোগ জানাতে পারবেন এবং তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজশাহীর বোয়ালিয়া ভূমি অফিসে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, ভূমি সেবা নিতে এখনো সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি দূর করে জনগণকে দ্রুত ও সহজে কাঙ্ক্ষিত সেবা দেওয়াই প্রশাসনের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, নতুন ব্যবস্থায় সেবাগ্রহীতারা যেকোনো ভূমি অফিসে সরাসরি অভিযোগ করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং জনগণ হয়রানিমুক্ত পরিবেশে সেবা পাবে। মানুষ সচেতন হলে তারা সহজেই ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান পাবে এবং সেবা গ্রহণে কোনো প্রতিবন্ধকতা হবে না।
অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া আরিফ হোসেন ও কানুনগো নিশিথ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।


